লিজেন্ডসদের বাজিমাত

ক্রীড়া প্রতিবেদক: ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলের শুরুটা ছিল অনিশ্চয়তায় ঘেরা। জাতীয় দলের সাদা বলের দুই অধিনায়ক লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজকে প্রথম দিনে কোনো দল না নেওয়ায় ক্রিকেট অঙ্গনে নানা আলোচনা তৈরি হয়। তবে শেষপর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়ে এই দুই তারকাকে দলে ভিড়িয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ।

গতকাল রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সিসিডিএম কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চুক্তিতে সই করেন লিটন ও মিরাজ। জাতীয় দলের অনুশীলন শেষে তারা একসঙ্গে দলবদলের কার্যক্রমে অংশ নেন। তাদের উপস্থিতিতে দলবদলের শেষ দিনটি জমে ওঠে।

গত মৌসুমে মিরাজ ছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক। অন্যদিকে লিটন শেষ দিকে যোগ দিয়েছিলেন গুলশান ক্রিকেট ক্লাবে। এবার দুজনেরই নতুন ঠিকানা রূপগঞ্জ এবং প্রথমবারের মতো এই দলের জার্সিতে দেখা যাবে তাদের।

শুধু লিটন-মিরাজই নন, শক্তিশালী স্কোয়াড গড়তে রূপগঞ্জ দলে নিয়েছে ঘরোয়া ক্রিকেটের বেশ কয়েকজন পরীক্ষিত পারফরমারকে। তালিকায় আছেন সাইফ হাসান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, ইরফান শুক্কুর, হাবিবুর রহমান সোহান ও শরিফুল ইসলাম। পাশাপাশি ভবিষ্যৎ চিন্তা করে আশিকুর রহমান শিবলি, সামিউন বশির রাতুল ও স্বাধীন ইসলামের মতো তরুণদেরও দলে টেনেছে তারা।