নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বিগত ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকারের আমলে ‘সীমাহীন দুর্নীতি ও স্বজনপ্রীতির’ কারণে গ্রামাঞ্চলে সড়কের খুব একটা উন্নতি হয়নি বলে দাবি করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে এ দাবি করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে উন্নয়নের নামে চরম দুর্নীতি হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আখতার হোসেনের সম্পূরক প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে উন্নয়নের নামে করা চরম দুর্নীতি উপলব্ধি করছি আমরা। বিগত অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীলরাও নিজ নিজ এলাকায় তহবিল নিয়ে চলে গেছেন। এতে উত্তরাঞ্চলের রাস্তাগুলো অবহেলিত থেকে গেছে। আগামীতে এ ধরনের দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে গ্রামাঞ্চলের রাস্তাঘাটসহ যোগাযোগব্যবস্থাকে বেশি গুরুত্ব দেওয়া হবে।
বাগেরহাট-৪ আসনের আব্দুল আলীমের সম্পূরক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্ট সরকার ও অন্তর্বর্তী সরকারের সময় সীমাহীন দুর্নীতি ও স্বজনপ্রীতির অনিয়মের কারণে গ্রামাঞ্চলের সড়কের খুব বেশি উন্নতি হয়নি। রাস্তাগুলো এখনও কাঁচা। এগুলো পাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে। কাঁচা রাস্তাগুলো পর্যায়ক্রমে পাকা করা হবে।
ফেনী-২ আসনের জয়নাল আবেদীনের প্রশ্নে মন্ত্রী জানান, ২০০৮ সাল থেকে এ পর্যন্ত ঢাকা মহানগরের ১২১টি রাস্তার নতুন নামকরণ হয়েছে। এর মধ্যে উত্তর সিটি করপোরেশনের ৮৩টি ও দক্ষিণ সিটি করপোরশেনের ৩৮টি। মুক্তিযোদ্ধা, ভাষাসৈনিক, সাংবাদিক ও চব্বিশের জুলাই আন্দোলনের শহিদদের নামে সড়ক, ভবন ও স্থাপনার নামকরণ করা হয়েছে।
মন্ত্রীর তথ্য অনুযায়ী, জুলাই আন্দোলন-পরবর্তী সময়ে গেণ্ডারিয়ার দীননাথ সেন রোডের নাম ‘শহিদ শাহরিয়ার আনাস সড়ক’, শেখ কামাল সরণির (ধানমন্ডি ২৭ নম্বর রোড) নাম ‘শহিদ ফারহান ফাইয়াজ সড়ক’, বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি সরণির নাম ইনার রিং রোড, বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল সরণির নাম ঝাউচর প্রধান সড়ক, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম সরণির নাম কামরাঙ্গীচর লোহারপুল-বুড়িগঙ্গা সড়ক, মেয়র হানিফ ফ্লাইওভারের নাম গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার এবং গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউর নাম শহিদ আবরার ফাহাদ অ্যাভিনিউ রাখা হয়েছে।

