জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অকাল প্রয়াত অভিনেতা শামস সুমনকে স্মরণে বিশেষ আয়োজন করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। ‘বন্ধু প্রিয় শামস সুমন… স্মৃতিতে অম্লান’ শীর্ষক এই আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে অংশ নেবেন তার সহকর্মীরা।
জানা গেছে, বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় অভিনয়শিল্পী সংঘ। বিষয়টি নিশ্চিত করেন অভিনয়শিল্পী সংঘ’র সাধারণ সম্পাদক রাশেদ মামুনুর রহমান অপু।
তিনি বলেন, আমাদের প্রিয় সহকর্মী, গুণী অভিনয়শিল্পী এবং অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের অন্তপ্রাণ সদস্য শামস সুমন ভাইয়ের অকাল প্রয়াণ আমরা এখনো মেনে নিতে পারছি না। তাকে স্মরণ করতে আমরা সবাই একত্রিত হবো। অনুষ্ঠানে তার জীবন ও কর্ম নিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হবে। এরপর সহকর্মীরা তাকে নিয়ে স্মৃতিচারণ করবেন।
অভিনয়শিল্পী সংঘের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের বর্তমান কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি ও প্রিয় সহকর্মী শামস সুমনের স্মৃতিকে সম্মান জানাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে অনুষ্ঠানে সহকর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।
প্রসঙ্গত, ২০০৮ সালে স্বপ্নপূরণ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন শামস সুমন। কর্মজীবনে তিনি রেডিও ভূমির স্টেশন প্রধান এবং চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে গত ১৭ মার্চ অকাল প্রয়াত হন শামস সুমন। তার অভিনয়, ব্যক্তিত্ব ও সহকর্মীদের প্রতি আন্তরিকতা তাকে সবার কাছে প্রিয় করে তুলেছিল। তার আকস্মিক প্রয়াণের পর সংস্কৃতি অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। সেই শোককে স্মৃতিচারণে রূপ দিতেই এই বিশেষ আয়োজন করছে অভিনয়শিল্পী সংঘ।
উল্লেখ্য, এক সময় টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ ছিলেন শামস সুমন। মঞ্চ, ছোটপর্দা এবং বড়পর্দা-সব ক্ষেত্রেই তিনি নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন। যদিও সাম্প্রতিক বছরগুলোতে তিনি টেলিভিশন নাটকে কিছুটা অনিয়মিত ছিলেন।
তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে- ‘মন জানে না মনের ঠিকানা’, ‘কক্সবাজারে কাকাতুয়া’, ‘চোখের দেখা’, ‘প্রিয়া তুমি সুখী হও’, ‘আয়না কাহিনি’, ‘বিদ্রোহী পদ্মা’, ‘জয়যাত্রা’, ‘নমুনা’ এবং ‘হ্যালো অমিত’।
—জা. অর্থনীতি/এনএ


