জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নে ১১৫ জন কৃষকের মাঝে কৃষক কার্ড উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনের পর স্থানীয়ভাবে নাপিতের চর বাজার সংলগ্ন ঈদগাহ মাঠে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, আমাদের সরকারের বয়স এখনো দুই মাস পূর্ণ হয়নি। মাত্র দেড় মাসের কিছু বেশি সময় পার হয়েছে। তবে এই অল্প সময়ের মধ্যেই আমরা দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের লক্ষ্যে সবাই মিলে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। বিশেষ করে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারাদেশে উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। এর মাধ্যমে প্রতীয়মান হয়, বাংলাদেশের মানুষ আর আগের অবস্থায় থাকবে না। তারা সুখে শান্তিতে ও সমৃদ্ধ জীবনে বসবাস করবে। কৃষক থেকে শুরু করে সমাজের সব শ্রেণির মানুষ পর্যন্ত।
তিনি আরও বলেন, সার ও বীজ সংগ্রহ সহজ করতে পর্যায়ক্রমে দেশের সকল প্রকৃত কৃষককে কৃষক কার্ড প্রদান করা হবে। প্রতিটি উপজেলায় এ কার্যক্রম চালু করা হবে এবং কৃষকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে কাজ করবে।
কার্ড পেয়ে কৃষক আলতাফ হোসেন আবেগ-আপ্লুত হয়ে বলেন, টেলিভিশনে দেখি সরকার কত কি দেয়, আমি গরীব মানুষ কোনো কিছু পাই না। আবাদও করতে পারি না। অনেক কষ্ট করি।
তিনি আনন্দ প্রকাশ করে বলেন, এবার তারেক সরকার আমাকে একটা কৃষি কার্ড দিলো। আমি এখন ঝামেলা ছাড়াই আবাদ করতে পারবো।
একই এলাকায় কৃষক রৌশন আলী কার্ড পেয়ে বলেন, ‘কার্ডটা পাইছি। আল্লাহর কাছে দোয়া করি এই সরকারকে। পুলাপান নিয়ে দুগা আবাদ করে ভাত খেতে পারবো, তারা যেন আরও বেশি দিন থাকে।
জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতসহ, জামালপুর সদর ৫ আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, ইসলামপুর আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুসহ দলের নেতাকর্মীরা।
—জা.অর্থনীতি/এনজে


