বিরতি কাটিয়ে সিনেমার শুটিংয়ে দীঘি

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তরুণ অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি আবারও ব্যস্ত সময় পার করছেন ক্যামেরার সামনে। সাময়িক বিরতি কাটিয়ে তিনি ফিরলেন তার নতুন সিনেমা ‘বিদায়’-এর শুটিং সেটে। নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় সিনেমাটির দ্বিতীয় ধাপের কাজ বর্তমানে পুরোদমে চলছে।

সিনেমাটির প্রথম ধাপের শুটিং শেষ হওয়ার পর নির্মাতা অন্য একটি প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকায় কাজ সাময়িকভাবে বন্ধ ছিল। সম্প্রতি সেই কাজ শেষ করে আবারও ‘বিদায়’-এর সেট সাজানো হয়েছে। শুটিং স্পট থেকে প্রবীণ অভিনেতা ফারুক আহমেদের শেয়ার করা কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আসার পর থেকেই আলোচনায় রয়েছেন দীঘি। এই সিনেমায় দীঘির সঙ্গে আরও অভিনয় করছেন ঢাকাই সিনেমার দুই অভিজ্ঞ তারকা বাপ্পারাজ ও আলীরাজ। সিনিয়র শিল্পীদের সঙ্গে একই ফ্রেমে কাজের অভিজ্ঞতা দীঘির অভিনয় ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

শিশুশিল্পী হিসেবে দেশব্যাপী জনপ্রিয়তা পাওয়া দীঘি এখন পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে মরিয়া। ‘বিদায়’ সিনেমায় তাকে একেবারে নতুন একটি লুকে দেখা যাবে। শুটিংয়ের ছবিগুলোতে তার উপস্থিতিতে ভক্তদের মাঝে এরই মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। দীঘি জানিয়েছেন, এই সিনেমার গল্প ও তার চরিত্রটি গতানুগতিক ধারার চেয়ে কিছুটা ভিন্ন, যা দর্শকদের চমকে দেবে।