তানভীর একাই পেলেন ৮ উইকেট

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে এবার বেশ কিছু চমকপ্রদ বোলিং পারফরম্যান্স দেখা গেছে। তবে সবাইকে ছাড়িয়ে গেল তানভীর আহমেদ। মাগুরা সরকারী স্কুলের এই পেসার একাই ৮ উইকেট নিয়ে ধসিয়ে দিল মাগুরা এ.জি. একাডেমিকে।


স্কুল ক্রিকেটের ম্যাচটিতে ৭.২ ওভার বোলিং করে ৩৪ রানে ৮ উইকেট শিকার করে তানভীর। নবম শ্রেণির ছাত্রের বোলিংই এখনও পর্যন্ত এবারের স্কুল ক্রিকেটের সেরা বোলিং পারফরম্যান্স। মাগুরা জেলা স্টেডিয়ামে শনিবার তানভীরের বোলিং তোপে ২৮.২ ওভারে ১০৩ রানে গুটিয়ে যায় এ.জি. একাডেমি।


সর্বোচ্চ ২৫ রান আসে আব্দুর রহিমের ব্যাট থেকে। স্কোরকার্ড পুরোটাই বলা যায় তানভীরময়। তার ৮ উইকেটের ৭টিই বোল্ড! এক ব্যাটসম্যান কেবল আউট হয়েছে ক্যাচ দিয়ে। দলের বাকি দুই উইকেটের একটি নিয়েছে ইমাম হাসান, আরেকটি রান আউট।