‘ধুরন্ধর ২’ এক মাসেই ভাঙল আয়ের সব রেকর্ড

বিনোদন ডেস্ক: ভারতীয় বক্স অফিসের সব সমীকরণ ওলটপালট করে দিয়েছে রণবীর সিং অভিনীত ধুরন্ধর : দ্য রিভেঞ্জ (ধুরন্ধর ২)। মুক্তির মাত্র এক মাসের মধ্যেই ভারতীয় সিনেমার ইতিহাসে এক অবিশ্বাস্য মাইলফলক অর্জন করেছে ছবিটি।

রিপোর্ট অনুযায়ী, ১৮ মার্চ ছবিটির পেইড প্রিভিউ থেকেই আয় হয় ৪৩ কোটি টাকা, যা ভারতের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড। গত ১৯ মার্চ মুক্তির প্রথম দিনই ভারতে ১০২ দশমিক ৫৫ কোটি টাকা আয় করে ছবিটি, যার মধ্যে হিন্দি সংস্করণ থেকেই আসে রেকর্ড ৯৯ ১০ কোটি টাকা। বিশ্বব্যাপী প্রথম দিনের গ্রস কালেকশন দাঁড়ায় ২৩৬ দশমিক ৬৩ কোটি টাকা, যা কোনো ভারতীয় চলচ্চিত্রের ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং।

সিনেমাটি মুক্তির আগে ভারতব্যাপী অগ্রিম প্রায় ৯ লাখ ২৫ হাজার টিকিট বিক্রি করে। যা বেশ কয়েকটি বড় সিনেমার রেকর্ডকে ছাড়িয়ে যায়। ‘ধুরন্ধর ২’-এর প্রথম সপ্তাহ শেষে ভারতে গ্রস আয় ছিল ৭৪৫ কোটি টাকা। অভাবনীয় বিষয় হলো, মাত্র ১১ দিনেই এটি তার আগের পার্ট ‘ধুরন্ধর’-এর ৮৪০ কোটি টাকার লাইফটাইম রেকর্ড ভেঙে দেয়।

মুক্তির ১৮তম দিনে প্রথম হিন্দি ছবি হিসেবে ভারতের বাজারে ১হাজার  কোটি টাকার মাইলফলক স্পর্শ করে ‘ধুরন্ধর ২’। বিশ্বব্যাপী আয়ের ক্ষেত্রে এই ম্যাজিক ফিগার ছুঁতে ছবিটির সময় লেগেছে মাত্র এক সপ্তাহ।

৩০ দিন শেষে ভারতে ছবিটির নেট আয় ১ হাজার ১০০ কোটি টাকা ছাড়িয়েছে এবং বিশ্বব্যাপী গ্রস কালেকশন ১ হাজার ৭০০ কোটি টাকা ছাড়িয়ে বর্তমানে এটি সর্বকালের সেরা তিনটি সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্রের একটিতে পরিণত হয়েছে। আদিত্য ধরের পরিচালনায় রণবীর সিং ছাড়াও এই ছবিতে অর্জন রামপাল, মাধবান, সঞ্জয় দত্ত, সারা অর্জন অভিনয় করেন।