নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিএনপি নেতাকর্মীদের ঢল

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

তার আগমন ঘিরে শনিবার (২৮ মার্চ) দুপুর থেকেই নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় নেতাকর্মীদের উপচে পড়া ভিড় দেখা যায়। ইতোমধ্যে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢল নেমেছে হাজারো নেতাকর্মীর। নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে এখন মুখরিত পুরো নয়াপল্টন এলাকা।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নয়াপল্টনে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে বিএনপি চেয়ারম্যানের আগমন উপলক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলীয় কার্যালয়ের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেন।

গতকাল শুক্রবার (২৭ মার্চ) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন শনিবার নয়াপল্টনের কার্যালয়ে বসবেন তিনি।

—জা. অর্থনীতি/এনজে