ই-রিটার্ন দাখিলের সময় বাড়াতে ৫ হাজারেরও বেশি আবেদন

অর্থনীতি ডেস্ক: ২০২৫-২০২৬ করবর্ষের আয়কর রিটার্ন অনলাইনে দাখিলের জন্য নির্ধারিত সময়সীমা ঘনিয়ে আসলেও এখনো অনেক করদাতা সময় বৃদ্ধির আবেদন জানাচ্ছেন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, এখন পর্যন্ত ৫ হাজারের বেশি করদাতা অনলাইনে সময় বাড়ানোর আবেদন করেছেন।

রবিবার (২৯ মার্চ) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এই তথ্য নিশ্চিত করেছেন।

এনবিআরের দেওয়া তথ্যমতে, চলতি করবর্ষে ই-রিটার্ন সিস্টেমে এ পর্যন্ত ৫০ লাখের বেশি ব্যক্তি শ্রেণির করদাতা নিবন্ধন করেছেন।

এর মধ্যে ৪১ লাখ ৫০ হাজারের বেশি করদাতা সফলভাবে তাদের রিটার্ন অনলাইনে দাখিল করেছেন। তিন দফা সময় বাড়ানোর পর আগামী ৩১ মার্চ রিটার্ন জমার শেষ দিন নির্ধারণ করা হয়েছে।

যৌক্তিক কারণে যারা ৩১ মার্চের মধ্যে রিটার্ন দিতে পারবেন না, তাদের জন্য এনবিআর অনলাইন সিস্টেমের মাধ্যমে আবেদনের সুযোগ রেখেছে। অতিরিক্ত সময় পেতে হলে অবশ্যই ৩১ মার্চের মধ্যে আবেদন করতে হবে।

কর কমিশনারের অনুমোদন সাপেক্ষে একজন করদাতা সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত অতিরিক্ত সময় পেতে পারেন।

ই-রিটার্ন সিস্টেমে লগইন করে ‘টাইম এক্সটেনশন’ মেন্যু ব্যবহার করে সহজেই এই আবেদন করা যাচ্ছে।

এনবিআর জানিয়েছে, সময় বৃদ্ধির আবেদন মঞ্জুর হলে বর্ধিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করলে কোনো ধরনের জরিমানা বা অতিরিক্ত কর দিতে হবে না। তবে ৩১ মার্চের পর আবেদন ছাড়াই রিটার্ন জমা দিলে জরিমানা গুনতে হতে পারে।

আবেদন করার আগে করদাতাদের নিজ নামের বায়োমেট্রিক সিম ব্যবহার করে ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন নিশ্চিত করতে হবে। যারা অনলাইনে রিটার্ন দাখিলে বাধ্য নন, তারা সরাসরি সংশ্লিষ্ট সার্কেলে লিখিতভাবেও আবেদনের সুযোগ পাবেন।

জাতীয় রাজস্ব বোর্ড করদাতাদের অতিরিক্ত কর বা জরিমানা এড়াতে আগামী ৩১ মার্চের মধ্যেই রিটার্ন দাখিলের অনুরোধ জানিয়েছে। তবে যারা একান্তই অপারগ, তাদের দ্রুত অনলাইনে সময় বৃদ্ধির আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।

—জা. অর্থনীতি/এএইচএ