নিজস্ব প্রতিবেদক: একদিন পর আবারও বাড়লো বৈদেশিক মুদ্রার রিজার্ভ। রিজার্ভ বেড়ে এখন ৩৪ হাজার ৫৭ দশমিক ৪৮ মিলিয়ন বা ৩৪ দশমিক ৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
সোমবার (৩০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, বর্তমানে দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ০৫ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৫৯ দশমিক ০৭ মিলিয়ন বা ২৯ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে।
এর আগে গত রোববার দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৩ দশমিক ৯৯ বিলিয়ন মার্কিন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিত রিজার্ভ ছিল ২৯ দশমিক ২৯ বিলিয়ন ডলার।
উল্লেখ্য, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।
বাংলাদেশ ব্যাংক রিজার্ভের দুটি তথ্য প্রকাশ করে থাকে। এর বৈদেশিক মুদ্রার দায়, ঋণ বৈদেশিক মুদ্রা ও ধার করা অর্থের যোগফল হচ্ছে গ্রস হিসাব। আর দায় ও ঋণ বাদ দিয়ে ব্যবহারযোগ্য রিজার্ভের হিসাব করা হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দেখানো বিপিএম৬ পদ্ধতিতে।
বেশ কিছুদিন থেকে বিদেশি মুদ্রার বাজার ঠিক রাখতে বাজার থেকে ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক। এটি রিজার্ভ বাড়াতেও ভূমিকা রাখছে। তবে নতুন গভর্নরের মেয়াদে শুধু একবার গত ২ মার্চ বাজার থেকে আড়াই কোটি ডলার কেনা হয়। এর কাটঅফ রেট ছিল ১২২ টাকা ৩০ পয়সা।
এ নিয়ে চলতি অর্থবছরে মোট ৫৪৯ কোটি ৩৫ লাখ ডলার বা ৫ দশমিক ৪৯ বিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক।
—জা.অর্থনীতি/আরএস

