প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সোমবার (৩০ মার্চ) দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ে তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় বিরোধীদলীয় নেতাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী।

এর আগে বেলা ১২টার দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা পাশাপাশি দাঁড়িয়ে নামাজ আদায় করেন। জানাজা শেষে তাঁরা একসঙ্গে সংসদ ভবনের দিকে হেঁটে যান।

পরে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। এ সময় প্রধানমন্ত্রী তাঁকে সংসদ সচিবালয়ের নিজ কার্যালয়ে আমন্ত্রণ জানান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বৈঠকটি ছিল সংক্ষিপ্ত। প্রায় ২০ মিনিট দুই নেতার মধ্যে আলোচনা হয়। আলাপ শেষে বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রীর কার্যালয় ত্যাগ করেন।

এ সময় প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে তাঁর কার্যালয়ের দিকে কিছুটা পথ এগিয়ে দেন। প্রধানমন্ত্রীর এই সৌজন্যতা উপস্থিতদের নজর কাড়ে এবং প্রশংসিত হয়।

অতিরিক্ত প্রেস সচিব আরও বলেন, প্রধানমন্ত্রী সবার প্রতি যথাযথ সম্মান ও সৌজন্যতা প্রদর্শন করেন। বিভিন্ন অনুষ্ঠানেও তাঁর এ ধরনের আচরণ সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে। আজকের ঘটনাও সেই ধারাবাহিকতারই বহিঃপ্রকাশ।

—জা.অর্থনীতি/আস