ভুয়া নিয়োগপত্র নিয়ে বিএমইউতে যোগ দিতে গিয়ে আটক ‘চিকিৎসক’

নিজস্ব প্রতিবেদক: ভুয়া নিয়োগপত্র নিয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালের পরিচালক পদে যোগদান করতে যাওয়া ডা. এরফান জামান নুর (৩৫) নামে একজন ‘চিকিৎসক’কে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।

সোমবার (৩০ মার্চ) দুপুরে সুপার হাসপাতালে যোগদান করতে গেলে তাকে আটক করা হয়। এ সময় এরফান জামান নুর নিজেকে ইউনাইটেড হসপিটালের চিকিৎসক পরিচয় দিলেও পুলিশ তা এখনও নিশ্চিত হতে পারেনি।

এ বিষয়ে শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক পদে যোগদান করতে গিয়েছিলেন ডাক্তার পরিচয় দেওয়া এরফান জামান নুর। তবে তার যোগদানের বিষয় সম্পর্কে অবগত নয় হাসপাতাল কর্তৃপক্ষ।

তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি আটক এরফান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা-১ শাখার ভুয়া প্রজ্ঞাপন ইস্যু করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজ হাসপাতালের পরিচালক পদে যোগদান করতে যান। তিনি নিজেই সব কাগজপত্র ঘষা-মাজা করেছেন।

ওসি আরও জানান, এরফান জামান নুর নিজেকে ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক পরিচয় দিয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার সম্পর্কে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। বিএমইউ কর্তৃপক্ষ অভিযোগ দায়ের করলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

—জা. অর্থনীতি/এনজে