ঢাবির মুসা খান মসজিদ সংস্কারে ৩ কোটি টাকা অনুদান দিচ্ছে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন মুসা খান মসজিদ সংস্কারে ২ লাখ ৩৫ হাজার মার্কিন ডলার (৩ কোটি টাকা) অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সঙ্গে দেশটির সাংস্কৃতিক সহযোগিতা আরও জোরদার করাই এ অনুদানের লক্ষ্য।

মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এই অনুদানের ঘোষণা দেন। ‘অ্যাম্বাসেডর ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন’ (এএফসিপি)-এর আওতায় এই অর্থ দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় মসজিদের একটি ফটোরিয়ালিস্টিক থ্রি-ডি মডেল তৈরি করা হবে। এছাড়া স্থাপত্যবিষয়ক নথিপত্র তৈরি এবং মসজিদের কাঠামোগত শক্তি বিশ্লেষণ করা হবে।

মোগল আমলের এই সুউচ্চ প্ল্যাটফর্মের মসজিদের আদি নকশা এবং নির্মাণ উপকরণের সঠিকতা বজায় রেখে সংস্কার করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল সংলগ্ন এই মসজিদ এলাকায় পর্যটন কার্যক্রম উন্নত করাও এই প্রকল্পের উদ্দেশ্য।

—জা. অর্থনীতি/এনজে