গানে ফিরতে নতুন ভোকাল খুঁজছে ‘চাইম’

বিনোদন ডেস্ক: কিংবদন্তি সংগীতশিল্পী ও দেশের জনপ্রিয় ব্রান্ড ‘চাইম’-এর ভোকাল খালিদের মৃত্যুর দুই বছর পার হয়েছে। ২০২৪ সালের (১৮ মার্চ) হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন মেলোডির জাদুকর। এরপর থমকে যায় ব্যান্ডটির পথচলা। খালিদের মৃত্যুর দুই বছর পর গানের স্রোতে ফিরতে নতুন ভোকাল খুঁজছে ব্যান্ডদল ‘চাইম’। এবার নতুন উদ্যমে গানের জগতে নিয়মিত হচ্ছে দলটি। তাই ভোকাল হিসেবে একেবারে নতুন একটি মুখ খুঁজছেন ব্যান্ডের সদস্যরা। 

এ প্রসঙ্গে ব্যান্ডটির সদস্য ও ড্রামার বিপ্লব বলেন, আমরা নতুন ভোকাল খুঁজছি। ব্যান্ডের সবার সিদ্ধান্ত নিয়ে এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেব। 

তিনি বলেন, কোনো প্রতিষ্ঠান যদি পাশে দাঁড়ায় তবে ভোকাল হান্টের মাধ্যমে একজন নতুন মুখ নেওয়ার ইচ্ছা রয়েছে আমাদের। 

১৯৮৩ সালে গানের জগতে যাত্রা শুরু করে দেশের জনপ্রিয় ব্যান্ডদল ‘চাইম’। আশির দশকের এই ব্যান্ডটির প্রতিষ্ঠাতা সদস্য আশিকুজ্জামান টুলু এবং এর ভোকাল ছিলেন প্রয়াত শিল্পী খালিদ। 

হিমালয়, কোনো কারণে, সরলতার প্রতিমা, নাতি খাতি বেলা গেল, যতটা মেঘ হলে, আবার দেখা হবে, তুমি নেই তাইয়ের মতো জনপ্রিয় সব গান সৃষ্টি করেছে বাংলা গানের ইতিহাসে চিরসবুজ ব্যান্ড ‘চাইম’। 

এদিকে, ২০২৪ সালের ১৮ মার্চ, ব্যান্ডের ভোকাল মেলোডি কিং খ্যাত কিংবদন্তি শিল্পী খালিদ সাইফুল্লাহর মৃত্যুর পর ব্যান্ডটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর দুই বছর পার হয়ে গেলো। নতুন ভোকাল নিয়ে যাত্রা শুরু করে এবার পুরোদমে গানে ফিরতে চাচ্ছে দলটি। হয়তো নতুন ভোকাল খুঁজে পাবে। কিন্তু খালিদের অভাব কতোটা পূরণ করতে পারবে, সেটিই দেখার বিষয়। 

উল্লেখ্য, গোপালগঞ্জে জন্ম নেওয়া খালিদ সাইফুল্লাহ ১৯৮১ সাল থেকে গানের জগতে যাত্রা করেন। খালিদের গান আশি-নব্বইয়ের দশকে পাড়া-মহল্লায় বাজতো। বাজতো বিপণিবিতানসহ ক্যাসেটের দোকানে। শ্রোতাদের মুখে মুখে থাকতো ‘নাতি খাতি বেলা গেল’, ‘আকাশনীলা’ অথবা নব্বইয়ের শেষের দিকে ‘কোনো কারণেই ফেরানো গেল না তাকে’। 

—জা. অর্থনীতি/এনএ