বিনোদন ডেস্ক: টলিউডে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু-বিতর্ক এবার এক নজিরবিহীন মোড় নিল। একদিকে যখন সাধারণ শিল্পী ও কলাকুশলীরা বিচারের দাবিতে রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই ‘আর্টিস্ট ফোরাম’-এর দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত টলিপাড়ার ভেতরের ফাটলকে স্পষ্ট করে দিলো। রাহুলের মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে সাধারণ শিল্পী ও কলাকুশলীরা আগামীকাল শনিবার (৪ এপ্রিল) বিকেল ৪টায় টেকনিশিয়ান স্টুডিও থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান দাবানলের মতো ছড়িয়ে পড়েছে।
কিন্তু, এই আন্দোলনে ‘আর্টিস্ট ফোরাম’র অনুপস্থিতি নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ফোরামের সাম্প্রতিক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের সংগঠন হিসেবে এই মিছিলে আনুষ্ঠানিক অংশগ্রহণ বা আহ্বান নেই। তবে, যদি কোনো শিল্পী ব্যক্তিগতভাবে মিছিলে যোগ দিতে চান, তা তাদের পূর্ণ স্বাধীনতা। এতে আমাদের কোনো আপত্তি নেই।’
এদিকে, রাহুলের মৃত্যুর প্রতিবাদে মিছিলের ডাক ও ফোরামের দূরত্বকে ঘিরে টলিউডের স্টুডিও পাড়ায় চলছে কানাঘুষা। শিল্পীরা প্রশ্ন তুলছেন, সহকর্মীর অকালমৃত্যুর পর বিচার চাওয়ার সময় কেন ফোরাম সরাসরি এগিয়ে আসছে না। টলিপাড়ার অনেকেই মনে করছেন, প্রযোজক সংস্থা ও চ্যানেল কর্তৃপক্ষ রাহুলের মৃত্যুর প্রকৃত তথ্য আড়াল করার চেষ্টা করছে।
অন্যদিকে, জয়দীপ মুখোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায়সহ অন্যান্য কলাকুশলীরা এরই মধ্যে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। আগামীকাল শনিবার বিকেলে মিছিল অনুষ্ঠিত হলে বোঝা যাবে, শিল্পীদের জেদ কতটা দৃঢ় এবং ফোরামের অনুপস্থিতি কি আন্দোলনকে দুর্বল করবে, নাকি আরও জোরদার করবে।
—জা. অর্থনীতি/এনএ


