বাংলা ব্যান্ড গানের শ্রোতাদের জন্য সুখবর দিলেন ফুয়াদ আল মুক্তাদির। এমনিতে পুরোনো গানকে নতুন সংগীত আয়োজনে তৈরিতে ফুয়াদের জুড়ি নেই। এবার তিনি তৈরি করেছেন পাঁচ ব্যান্ডের জনপ্রিয় পাঁচটি গান। এই প্রজেক্টের নাম দেওয়া হয়েছে ‘টাচ অব গোল্ড’।
গানগুলো হলো- এলআরবির ‘ঘুমন্ত শহরে’, অর্থহীনের ‘অদ্ভুত সেই ছেলেটি’, ডিফারেন্ট টাচের ‘শ্রাবণের মেঘ’, ক্রিপটিক ফেইটের ‘ভবঘুরে’ এবং ওয়াটসন ব্রাদার্সের ‘রঙ’। গানগুলো নতুনভাবে এসেছে ফুয়াদের সংগীত আয়োজনে। সম্প্রতি বি হেয়ার নাও-এর ব্যানারে প্রকাশ পেয়েছে গানগুলো।
অর্থহীনের অদ্ভুত সেই ছেলেটি নতুন আয়োজনে গেয়েছেন ক্রিপটিক ফেইট ব্যান্ডের শাকিব চৌধুরী। ডিফারেন্ট টাচের শ্রাবণের মেঘ গেয়েছেন এলিটা করিম। অ্যাভয়েড রাফা ব্যান্ডের রায়েফ আল হাসান রাফা গেয়েছেন ক্রিপটিক ফেইটের ভবঘুরে। নেমেসিস ব্যান্ডের জোহাদ রেজা চৌধুরী গেয়েছেন ওয়াটসন ব্রাদার্সের রঙ। আর আইয়ুব বাচ্চুর জনপ্রিয় ঘুমন্ত শহরে গানে কণ্ঠ দিয়েছেন জোহাদ রেজা চৌধুরী, রায়েফ আল হাসান রাফা ও শাকিব চৌধুরী।
এ প্রসঙ্গে ফুয়াদ আল মুক্তাদির বলেন, নব্বইয়ের দশকে ব্যান্ডগুলো যখন গানগুলো রেকর্ড করেছে, সে সময় আমাদের দেশে খুব লিমিটেড টেকনোলজি ছিল। আমরা চাইছিলাম এখনকার টেকনোলজি ও রিসোর্স ব্যবহার করে ওই কম্পোজিশনগুলোকে নতুনভাবে উপস্থাপন করতে।
ফুয়াদ আরও বলেন, আমাদের কাছে রিক্রিয়েশন হলেও জেন-জিরা কিন্তু গানগুলো নতুন হিসেবেই দেখছে। গানগুলো নতুন করে তৈরি করতে পুরো স্বাধীনতা পেয়েছি। আমার টিম নিয়ে খুবই গর্বিত। সবাই নিজেদের সেরাটা দিয়েছে। যেভাবে চাইছিলাম সেভাবেই গানগুলো উপস্থাপন করতে পেরেছি।
পাঁচটি গানের ভিডিও তৈরি হয়েছে রানআউট ফিল্মস থেকে। পরিচালনা করেছেন আদনান আল রাজীব। প্রতিটি ভিডিওতে গানের কথার সঙ্গে মিল রেখে ভিন্ন গল্প দেখিয়েছেন নির্মাতা।
—জা. অর্থনীতি/এনএ


