নারী হকির এশিয়ান গেমসে খেলার স্বপ্ন দেখছেন কোচ রাজু

অন্য কোনো দেশের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ হয়নি। নিজেদের শক্তি, দুর্বলতা তাই যাচাই করে নেওয়া হয়ে উঠেনি। প্রস্তুতির কমতিটুকু মেনে নিয়েই বাংলাদেশ জাতীয় নারী হকি দলের কোচ জাহিদ হোসেন রাজু দেখছেন এশিয়ান গেমসে খেলার বড় স্বপ্ন।


এ নিয়ে তিনি বলেন, 'মেয়েদের মধ্যে বাছাইয়ে ভালো করার তীব্র আকাঙ্খা আছে। বাছাই পেরুনোর স্বপ্ন নিয়েই মাঠে নামবে মেয়েরা। আমার বিশ্বাস, কাজটা কঠিন হলেও মেয়েরা পারবে।'


ইন্দোনেশিয়ার জাকার্তায় আগামী বৃহস্পতিবার শুরু হবে এশিয়ান গেমস হকি ইভেন্টের নারী বিভাগের বাছাই। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ পাবে আগামী সেপ্টেম্বরে জাপানে হতে যাওয়া এশিয়ান গেমসে খেলার সুযোগ।


‘এ’ গ্রুপে বাংলাদেশের তিন প্রতিপক্ষ চাইনিজ তাইপে, হংকং ও উজবেকিস্তান। বাছাইয়ের উদ্বোধনী দিনেই চাইনিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ২৪ এপ্রিল উজবেকিস্তান ও ২৬ এপ্রিল হংকংয়ের বিপক্ষে খেলবে দল।