সিডনির আইকনিক স্থাপনা অপেরা হাউস ও হারবার ব্রিজের মনোরম পটভূমিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উন্মোচিত হয়েছে বাংলা হান্ড্রেড লিগ (বিএইচএল)-এর স্বপ্নিল ট্রফি। এই বিশেষ মুহূর্তকে আরো তাৎপর্যপূর্ণ করে তোলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকা ও টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ইমরুল কায়েস।
অপেরা হাউসের সামনে ট্রফি উন্মোচনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের ক্রিকেট আয়োজন এক নতুন উচ্চতায় পৌঁছেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অস্ট্রেলিয়ায় বাংলাদেশি কমিউনিটির কোনো ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি বিশ্বের অন্যতম দর্শনীয় এই স্থানে উন্মোচনের ঘটনা এবারই প্রথম। যা নিঃসন্দেহে এক নতুন মাইলফলক।
অনুষ্ঠানের শুরুতেই অংশগ্রহণকারী ছয় দলের অধিনায়কদের উপস্থিতিতে জার্সি উন্মোচন করা হয়। এতে প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন, যার মধ্যে ছিলেন প্রোপার্টি ওয়ানের কর্ণধার মোহাম্মদ আলী শিকদার, ইউজিএস-এর ডিরেক্টর সেলিম রেজা এবং অস্ট্রেলিয়া আরব বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট জর্জ বুসমরা।


